করোনার সময়ে দীর্ঘদিন লম্বা ফরম্যাটের অনুশীলন হয়নি। হুট করেই টেস্টের মেজাজে পুরো দিন খেলতে নেমে যাওয়া কঠিন। অল্প করে গা সয়ে নেওয়ায় চেষ্টায় জাতীয় দল। তাই গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরো দিন নয়, ৬ ঘণ্টা ম্যাচের আদলে অনুশীলন করেছে বাংলাদেশ। এর মধ্যে সেশন বাই সেশন ভাগ করে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
টেস্ট প্রস্তুতির এ দিনই অনুশীলন করতে পারেননি সাকিব আল হাসান। কুঁচকির ইনজুরি সমস্যা ভালো হয়ে উঠছে। তবুও বিশ্রামে থাকতে হবে এই অলরাউন্ডারকে। এদিন তামিম ইকবালের সঙ্গে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনে নামলেন নাজমুল হোসেন শান্ত। সাদমান ইসলাম ও সাইফ হাসান দুজনেই ছিলেন বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে। তাই তামিমের সঙ্গে ওপেন করতে শান্তকেই নামা লাগে। শুরুতে মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও হাসান মাহমুদরা দুই প্রান্ত থেকে বল করেছেন। পরের সেশনে নাঈম হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা মুশফিকুর রহিম ও মুমিনুল হককে বল করে গেছেন। স্টাম্পের সামনে আম্পায়ার হয়ে থাকা কোচ রাসেল ডোমিঙ্গো মাঝেমধ্যেই ব্যাটসম্যানদের ভুলত্রুটি শুধরে দিচ্ছিলেন। সব মিলিয়ে কখনো মূল উইকেটে ম্যাচের মতো আবার কখনো নেট পিচে ব্যাটিং-বোলিং করেছেন ক্রিকেটাররা।
