মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের বেজপাড়া গ্রামের ব্রিজে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মালেক কাজী, আইয়ুব আলী, লাল মিয়া, শহর আলী, নুরজাহান বেগমসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ।
এ সময় বক্তারা বলেন, শিমুলিয়া ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন কাবিখা, কাবিটা, টিআর, ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকল্পের ও জনসাধারণের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার জন্য হতদরিদ্রদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন। আমরা তার এসব দুর্নীতি সম্পর্কে ইউএনও অফিস, ডিসি অফিস ও দুদককে লিখিতভাবে অবহিত করেছি। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ইউপি সদস্য ছাড়াও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
