বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে শক্তিশালী বিরোধী দল চান। আদতে তিনি চান বিরোধী মতের কবর রচনা করতে। যা তার গত এক যুগের কর্মকান্ডে হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ। এ ধরনের রসিকতা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংস্কৃতির অংশ।’ গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গত রবিবার বঙ্গবন্ধুর নামে একটি ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দক্ষ নেতৃত্বের অভাবে বিরোধী দলগুলো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। এখন বিরোধী দল বলে যে দলগুলো রয়েছে, তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে জনগণের আস্থা ও বিশ্বাসটা তারা অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার এতে কোনো সন্দেহ নেই।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বেমালুম ভুলে গেছেন যে, তিনি জনগণের ভোটে নয়, আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি যা বলেন করেন তার উল্টোটা। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, রাষ্ট্র ও ভোটাধিকার ধ্বংসকারী রাতের ভোটে নির্বাচিত অটো প্রধানমন্ত্রীর মুখে বিরোধী দল নিয়ে বক্তব্য নির্লজ্জতা ও হাস্যকর। এ ধরনের রসিকতা ও মিথ্যাচার তার রাজনীতির সংস্কৃতির অংশ।’
বিএনপির এ নেতা বলেন, অটোপাসের বিষয়ে সরকারের সিদ্ধান্তকে জনগণ ক্ষমতা দখলে রাখার বাসনা হিসেবে দেখছেন। পৃথিবীতে এমন নজিরবিহীন মিডনাইটের অটোএমপিদের সংসদ আর নেই। তেমনিভাবে তারা এবার অটোপাস আর জিপিএ-৫-এর ছড়াছড়ি দেখালেন, সেটিরও নজির পৃথিবীতে নেই। মিডনাইট নির্বাচন করে ক্ষমতা দখলে রাখতে হলে শেখ হাসিনার দরকার মেরুদন্ডহীন একটি অশিক্ষিত জাতির। তাই নজিরবিহীন অটোপাস দিলেন কোমলমতি ছাত্রছাত্রীদের।’
