চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। গত রবিবার তিনি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক দেশ রূপান্তরকে জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৪১তম চেয়ারম্যান হিসেবে রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে সর্বশেষ তিনি মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বন্দর সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালামকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন ও মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।
রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ১৯৮৪ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৭ সালের ২৪ জুলাই কমিশনপ্রাপ্ত হন।
‘পোর্ট অব শিপিং এবং শিপিংয়ে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ’বিষয়ক থিসিস নিয়ে গবেষণা করেন। তিনি দেশে এবং বিদেশে বেশ কয়েকটি পেশাদার কোর্স করেন ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজের কমান্ডর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ব্লু-ইকোনমি সেলের সদস্য এবং কোস্টগার্ডের উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
