করোনায় মারা যাওয়া বহু মানুষকেই শেষ দেখাটাও দেখতে পারেননি তাদের আত্মীয়রা। জানাতে পারেননি শেষ শ্রদ্ধা। তাই মারা যাওয়া ব্যক্তিদের স্মরণে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন একদল ডাক্তার ও সমাজসেবী। তারা চালু করেছেন অনলাইন কভিড মেমোরিয়াল বা ভার্চুয়াল স্মৃতিসৌধ। এর মাধ্যমে করোনায় মৃতদের পরিবারের সদস্য ও বন্ধুরা ভার্চুয়ালভাবে শ্রদ্ধা জানাতে পারবেন।
বিবিসি জানায়, কলকাতায় গত শনিবার কভিড কেয়ার নেটওয়ার্কের হাত ধরে করোনাভাইরাসের বলি স্বজনদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ন্যাশনালকভিডমোমোরিয়াল.ইন- স্মৃতিমঞ্চ।
ওয়েবসাইটে ঢুকে করোনাভাইরাসে মারা যাওয়া প্রিয়জনের ছবি এবং সংক্ষিপ্ত জীবনীর পাশাপাশি স্মৃতিকথার ব্লগ পোস্ট করতে পারবেন যে কেউ। স্মৃতিচারণার ছবি ও লেখা দেওয়া যাবে সেখানে। তাছাড়া, প্রতি বছরই মৃত্যুদিনে ভার্চুয়াল ফুল-মালা দিয়ে, প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা যাবে প্রিয়জনকে। চিরদিনের জন্য থেকে যাবে এই ই-স্মৃতিসৌধ।
সাইটটিতে এরই মধ্যে শ্রদ্ধা নিবেদন শুরুও হয়েছে। স্বজনদের তাদের মৃত প্রিয়জনদের পরিচিতির জন্য ডেথ সার্টিফিকেট এবং ফোন নাম্বার আপলোড করতে হবে।
এই পদক্ষেপের অন্যতম উদ্যোক্তা চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, ভারতীয়দের জন্য তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মৃতিকে তাজা রাখতেই এ প্রচেষ্টা। এখানে যোগ দিতে পারেন যে কেউ।
তিনি বলেন, চলে যাওয়ার সময় যে উষ্ণতা দিয়ে প্রিয়জনদের ঘিরে থাকার কথা ছিল, তা সম্ভব হয়নি অনেক ক্ষেত্রেই। যে মর্যাদা মৃতদের প্রাপ্য, তা দেওয়া যায়নি। সেই যন্ত্রণার কিছুটা উপশমের চেষ্টায়ই এ উদ্যোগ।
ভারতে কভিডে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহামারীর এই সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই মারা যাওয়াদের পরিবারের সদস্যদের শেষকৃত্যে যেতে দেওয়া হয়নি। আবার অনেক ক্ষেত্রে মৃত্যুপথযাত্রী রোগীরা আইসোলেশন ওয়ার্ডের শীতল পরিবেশে স্বজনহীন অবস্থায় পাড়ি দিয়েছেন মৃত্যুর পথে। কভিড মেমোরিয়াল তাদের সবাইকে একসুতোয় গাঁথবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
