বল ভেবে ককটেলে হাত

বিস্ফোরণে শিশু দুই বোন ক্ষতবিক্ষত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৮ এএম

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা বিদিরপুর মোড় এলাকায় বাড়ি সামনে পড়ে থাকা ককটেলকে বল ভেবে তুলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে শিশু দুই বোন। আহতরা হলো গণকা বিদিরপুরের আশরাফুল ইসলাম বাবুর মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মহরমী আক্তার মায়া (১১) ও মারিয়া আক্তার (৩)। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অন্যান্য দিনের মতো বিকেলে বাড়ির সামনে খেলা করতে বের হয় দুই বোন। খেলার এক ফাঁকে বাড়ির পাশের একটি মাঠে পড়ে থাকা লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলকে বল মনে করে তুলতে গেলে তা বিস্ফোরণ ঘটে। এতে মায়ার হাতের কবজি পর্যন্ত ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে গেল এক মাস ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। আধিপত্যের জের ধরে উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ককটেল হামলার ঘটনাও ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত