জজদের উদ্দেশে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী

পুরনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির তাগিদ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৩ এএম

সারা দেশের বিচারকদের অগ্রাধিকার ভিত্তিতে পুরনো মামলা নিষ্পত্তির তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহারসহ বিচারপ্রার্থী জনগণের বিরোধ যাতে স্বল্প সময়ে নিষ্পত্তি হয় সে বিষয়ে বিচারকদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছেন তারা। গতকাল বুধবার সন্ধ্যায় সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর এলাকায় মহানগর দায়রা জজদের উদ্দেশে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী। সুপ্রিম কোর্ট প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বিচারকদের ও বিচার প্রশাসনের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যার মধ্যেই কীভাবে মামলা নিষ্পত্তি করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তারা।

তিনি আরও বলেন, ‘নিজ নিজ জেলা জজের উদ্যোগে নিয়মিতভাবে অধস্তন আদালতের বিচারকদের তদারকির বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে পুরনো মামলা নিষ্পত্তি, বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহারের তাগিদসহ মুজিববর্ষে উল্লেখযোগ্যসংখ্যক মামলার নিষ্পত্তি ও বিচারপ্রার্থী জনগণের বিরোধ যাতে স্বল্প সময়ে নিষ্পত্তি হয় সে বিষয়ে বিচারকদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন তারা।’ এছাড়া মামলাজট নিরসনে মামলা সঠিকভাবে ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে বিচারকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী।

সুপ্রিম কোর্টের মুখপাত্র আরও জানান, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর দিকনির্দেশনা গভীর মনোযোগ দিয়ে অনুসরণ ও তা বাস্তবায়নের বিষয়ে বিচারকরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। এ সময় আরও বক্তব্য দেন আইন সচিব মো. গোলাম সারওয়ার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত