অ্যামাজন প্রাইমে নোমান রবিনের ‘ব্লসম ফ্রম অ্যাশ’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৩ পিএম

রোহিঙ্গা জনপদের শত বছরের ইতিহাস ও গণহত্যার উপর নির্মাতা নোমান রবিন নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র ‘ব্লসম ফ্রম অ্যাশ’। স্পেশাল জুরি রেমী অ্যাওয়ার্ডপ্রাপ্ত এই চিত্র এবার মুক্তি পেয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে।

বিষয়টি নিয়ে নোমান রবিন বলেন, এই চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে আমরা জানতে পারি সামরিক জান্তা কালের স্বাক্ষী অনেক বই, নথি, তৈলচিত্র, দেয়াল চিত্র, অংকন, ছবি, প্রমাণ নষ্ট করে ফেলেছে। নাম উল্লেখ করতে মানা মায়ানমারের অনেক স্কলারদের সহযোগীতায় রি-ক্রিয়েট করা গেছে সেই সব দুর্লভ এলিমেন্টস, আর এভাবেই নির্মিত হয়েছে এই কালের স্বাক্ষী চলচ্চিত্র। আমরা চেয়েছি আগামী শত বছর রোহিঙ্গাদের অধিকার আদায়ের দলিল হিসেবে থেকে যাক ‘ব্লসম ফ্রম অ্যাশ’।

এই তথ্যচিত্র প্রযোজনা করেছেন মার্কিন প্রযোজক এলেক্স ব্লম। এর চিত্রায়ণে ছিলেন নেপালি সিনেমাটোগ্রেফার সারুন মানান্ধার। তথ্যচিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। 

প্রযোজক এলেক্স ব্লম বলেন, আমি গর্বিত যে এই পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্রটি ওয়াশিংটনের ওয়ার্ল্ড হলোকাষ্ট মিউজিয়ামের পিএইচডি রিসার্চার বিভাগ তাদের গবেষকদের জন্য সংরক্ষন করেছে। নোমান ও তার টিমের অদম্য ইচ্ছা, পরিশ্রম ও পাগলামী চলচ্চিত্রটিকে আজ এক সম্মানিত স্থানে নিয়ে গেছে।

উল্লেখ্য, এই চলচ্চিত্রটি লন্ডনের অক্সফোর্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত ১৯৯৭ সালে অং সান সূচিকে দেয়া সম্মানিত নাগরিক টাইটেল ‘ফ্রিডম অব দ্য সিটি’ ২০১৯ সালে কেড়ে নিতে মুখ্য সহায়ক ভূমিকা পালন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত