ঢাকার সাভারে প্রেমসংক্রান্ত বিরোধের জেরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই বন্ধুরা। অন্যদিকে লক্ষ্মীপুরের রায়পুরে চর থেকে নিখোঁজ প্রবাসীর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
সাভার : প্রেমঘটিত বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে রোহানুর রহমান রোহান (১৭) নামে এক শিক্ষার্থী খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। গত শনিবার রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার অ্যাসেড স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ খুনের দায়ে গতকাল রবিবার ভোরে ‘টিকটক হৃদয়’ নামে একজনকে গ্রেপ্তার করেছে। নিহত রোহান সাভারের উলাইল কর্ণপাড়া মহল্লার ব্যবসায়ী আবদুস সোবানের ছেলে। সে সাভারের রোদেলা কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের চাচাতো ভাই বলেন, রোহান একটি মেয়েকে ভালোবাসত। তাকে উত্ত্যক্ত করত কয়েকজন বন্ধু। এর মধ্যে ব্যাংক কলোনির টিকটক হৃদয় নামে একজন রোহানকে মারার হুমকি দেয়। ওই হৃদয় রোহানকে বাসা থেকে ডেকে নিয়ে তার দলবল নিয়ে আমার ভাইকে হত্যা করেছে।
লক্ষ্মীপুর : নিখোঁজের এক দিন পর লক্ষ্মীপুরের রায়পুরে চর থেকে ফ্রান্সপ্রবাসী আতাউর রহমান জুটনের (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে রায়পুর উপজেলার উদমারা টাকুয়ার চর থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। জুটন রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল এলাকার মোকলেছুর রহমানের ছেলে। স্বজনরা জানান, জুটন গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে আসমা বেগম (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার ভুনবীর ইউনিয়নের সরকার বাজার রাজপাড়া বাদেআলিশা এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
