রাজধানীর ডেমরা কোনাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রুনা বেগম (২২) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মোল্লা গার্মেন্টসে চাকরি করতেন রুনা।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্বামী শাহিন জানান, তার বাড়ি পিরোজপুর ইন্দুরকানী উপজেলায়। এক ছেলে ও স্বামী মো. শাহিনের সঙ্গে কোনাপাড়ার মমিনবাগে থাকতেন। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন রুনা।
বাসার একটু দূরেই আ. আজিজের নির্মাণাধীন ৪তলা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনের উপর থেকে একটি ইট রুনার মাথায় পড়ে। দেখতে পেয়ে আশপাশের লোকজন স্বামী শাহিনকে খবর দেন।
শাহিন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানায়।
