ফেনীর সোনাগাজীতে ডিএনসি অস্ত্রোপচারের সময় চিকিৎসায় অবহেলায় গৃহবধূ কামরুন নাহারের (৩২) মৃত্যুর অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহরাব আল হোসাইনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ফেনী জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (সার্জারি) ডা. আদনান আহমেদ, কনসালটেন্ট (গাইনি) ডা. নিলুফা সুলতানা, কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডা. সমর চন্দ্র, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনি) ডা. ফাহমিদা ইয়াসমিন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফাহাদ।
কমিটির প্রধান জানান, এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করা হবে।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার পাড়ায় বাবার বাড়িতে জানাজা শেষে কামরুন নাহারকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তিনি একই ইউনিয়নের নদীভাঙা এলাকার এনামুল হকের মেয়ে।
পরিবারের অভিযোগ, গত ৭ নভেম্বর তিন মাসের অন্তঃসত্ত্বা কামরুন নাহারের গর্ভপাতের পর সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে ডিএনসি অস্ত্রোপচার করা হয়। এ সময় চিকিৎসায় অবহেলার কারণে তার জরায়ু ফুটো হয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফেনী, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২২ নভেম্বর) সকালে কামরুন নাহার মারা যান।
কামরুন নাহারের ভাই মাহফুজুল হক বলেন, ভুল চিকিৎসায় একটি পরিবার শেষ হয়ে গেছে। আর কোনো ভাইয়ের বোন কিংবা কোনো সন্তানের মা যেন এমন পরিস্থিতির শিকার না হন, সে জন্য ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তার অভিযোগ, সিভিল সার্জন কার্যালয়ে পাঁচ দিন আগে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, কামরুন নাহারের ভাই মাহফুজুল হকসহ স্বজনেরা সোমবার সন্ধ্যায় থানায় এসেছিলেন। তারা আইনি প্রক্রিয়া সম্পর্কে কথা বলে গেছেন। সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময় আসবেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।