ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়েছে। এবার ওই ইউনিয়নকে উপজেলায় উন্নীত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে নতুন উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
এর প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে সমাবেশ করেন ইউনিয়নের বাসিন্দারা। স্থানীয় বিএনপির নেতারা এতে নেতৃত্ব দেন। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ লোকজন রেলপথ অবরোধ করেন।
অবরোধের কারণে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, সদর উপজেলা থেকে মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। তবে তাঁরা কোনোভাবেই এ সিদ্ধান্ত মেনে নেবেন না। কোনো অবস্থাতেই বরিশল উপজেলার সঙ্গে যুক্ত হতে চান না তাঁরা। দাবি পূরণ না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।