টিকা নিলেই মিলছে শাড়ি-লুঙ্গি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৪ এএম

করোনার টিকা নিলেই নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় উপহার হিসেবে মিলছে শাড়ি, লুঙ্গি ও প্রাইজবন্ড। স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কুদ্দুস তার ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার দিচ্ছেন।

রবিবার করোনার টিকা দেওয়ার উদ্বোধনী দিনে গুরুদাসপুর উপজেলায় ৪১ জনকে শাড়ি ও লুঙ্গি কেনার জন্য ৫০০ টাকা করে দেওয়া হয়েছে এবং বড়াইগ্রাম উপজেলায় ৪০ জনের প্রত্যেককে ১০০ টাকার প্রাইজবন্ড দেওয়া হয়েছে। টিকা গ্রহণের পর এমন উপহার পেয়ে খুশি টিকা গ্রহণকারীরা।

সাংসদ আবদুল কুদ্দুস বলেন, মহামারী করোনা প্রতিরোধে টিকা গ্রহণ করা জরুরি। সাহসের সঙ্গে চিকিৎসক, নার্সসহ সব শ্রেণি-পেশার মানুষ টিকা গ্রহণ করছেন। এ কারণে তিনি ব্যক্তিগত অর্থায়নে টিকা গ্রহণকারীদের জন্য স্বল্প পরিসরে উপহারের ব্যবস্থা করেছেন। যাতে মানুষ করোনার টিকা নিতে আরও উদ্বুদ্ধ হন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সরকারিভাবে রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে চিকিৎসক, নার্স, বীর মুক্তিযোদ্ধাসহ রেজিস্ট্রেশনভুক্ত ৪১ জনকে টিকা দেওয়া হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

মেডিকেল অফিসার মেসবাহউল ইসলাম বলেন, তিনি টিকা গ্রহণের পর সাংসদ আবদুল কুদ্দুসের পক্ষ থেকে তাকে লুঙ্গি কেনা বাবদ ৫০০ টাকা দেওয়া হয়েছে। টিকা গ্রহণের বিনিময়ে এই উপহার সাধারণ মানুষের কাজে আসবে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, সাংসদের উপহারের উদ্যোগে অনেকেই টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত