করোনা শেষের আগে শ্রমিক নেবে না মালয়েশিয়া

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৬ এএম

মালয়েশিয়ার চাষাবাদ ও পণ্যখাতে বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে, সফলভাবে করোনাভাইরাস নির্মূল করার আগে তা প্রত্যাহার করা হবে না। গত রবিবার দেশটির উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালি সাংবাদিকদের বলেছেন, চাকরি খাতে মালয়েশীয়দের প্রাধান্য দেওয়ার চিন্তাও এই সিদ্ধান্তের কারণ।

মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার দেশটির ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শনে যান উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালি। প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেন, সরকার কভিড-১৯ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণকারী সংস্থাগুলোর আবাসন সরবরাহের সক্ষমতাও মূল্যায়ন করছে। যাতে করে বিদেশি কর্মীনির্ভর যে কয়টি সেক্টর রয়েছে তাতে মহামারীর প্রাদুর্ভাব না ঘটে। বিষয়টি নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চলছে। ডা. মোহাম্মদ খায়রুদ্দীন বলেন, ‘আমরা একটি প্রচারাভিযান পরিচালনা করছি। পাম তেল ও রাবারের মতো বৃক্ষসংশ্লিষ্ট খাতগুলোতে যেন করোনাভাইরাসের প্রাদুর্ভাব না ঘটে তা নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চালাতে উদ্বুদ্ধ করছি।’ তিনি আরও জানান, এই প্রচারাভিযান যদি সফল হয় তবে সরকার বিদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে তা নির্ভর করবে করোনা কতটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তার ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত