দুই ডোজ টিকা নিলে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নয়

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৭ এএম

যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের যদি দুই ডোজ করোনার টিকা নেওয়া থাকে, তাহলে ঢাকায় আসার পর তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে না। টিকা গ্রহণের সনদ দেখিয়ে সরাসরি বাড়ি চলে যেতে পারবেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বিদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে যারা কভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ সম্পন্ন করার পরবর্তী ১৪ দিন অতিক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং কভিড-১৯ পিসিআর নেগেটিভ রিপোর্ট প্রদর্শনের প্রয়োজন হবে না। এটা যুক্তরাজ্যসহ পৃথিবীর সব দেশ থেকে আগত যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে যাত্রীর গৃহীত টিকা অবশ্যই ইমার্জেন্সি ভ্যালিডেশন ফ্রম ডব্লিউএইচও ফর কভিড-১৯ ভ্যাকসিনের তালিকাভুক্ত থাকতে হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশ থেকে ডাবল ডোজ টিকা নিয়ে আসা যাত্রীদের জন্য এ বিশেষ বার্তা ইতিমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জানানো হয়েছে। এতে টিকা গ্রহণকারী যাত্রীদের আর কোয়ারেন্টাইনের ভোগান্তি পোহাতে হবে না।

এদিকে কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও গত ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে ১ হাজার ৩৯৪ জন প্রবাসী দেশে ফিরেছেন। তাদের কেউ ১৫ দিন, কেউ সাত দিন, আবার কেউবা চার দিন কোয়ারেন্টাইনে থেকে বাসায় ফিরেছেন। শুরুর দিকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হলেও পরে তাদের নিজ খরচে সরকার নির্ধারিত ১৭টি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকার সুযোগ দেওয়া হয়। শাহজালাল বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০টি ফ্লাইটে ৫ হাজার ৬৪৭ জন যাত্রী দেশে এসেছেন। তাদের মধ্যে পাঁচটি ফ্লাইটে যুক্তরাজ্যফেরত নতুন ৪১ জনকে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অবশিষ্ট ৫ হাজার ৬০৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বিমানবন্দরে স্বাস্থ্য নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত চিকিৎসক ডা. পাবন ধর বলেন, গত ২৪ ঘণ্টায় দুবাই থেকে আগত ইকে-৫৮২ ফ্লাইটের দুজন, দোহা থেকে আগত কিউআর-৬৪০ ফ্লাইটের নয়জন, ইস্তাম্বুল  থেকে আগত টিকে-৭১২ ফ্লাইটের ২৭ জন, আবুধাবি থেকে আগত ইওয়াই-২৪০ ফ্লাইটের একজন, দুবাই থেকে আগত এফজেড-৫৮৩ ফ্লাইটের দুজনসহ ৪১ জনকে আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়। পরে তাদের পছন্দমতো সরকার নির্ধারিত আবাসিক হোটেলে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত