আদালতে সুদীপ্ত হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৭ পিএম

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় পিবিআই’র দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করা হয়।

সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বলেন, আজ (মঙ্গলবার) অভিযোগপত্র উপস্থাপনের দিন নির্ধারণ ছিল। বাদীর উপস্থিতিতে তা করা হয়। বাদীর কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান। আদালতে অভিযোগপত্রটি গৃহীত হয়েছে।

এর আগে গত মাসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয়। 

এর আগে দীর্ঘদিনেও বিচার না পেয়ে হতাশ সুদীপ্তর বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেন। শুরু থেকেই পরিবার ও ছাত্রলীগের একাংশ খুনের ‘নির্দেশদাতা’ হিসেবে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের নাম উল্লেখ করে আসছে। পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে তিনি জামিনে বের হন।

প্রসঙ্গত, অভিযোগপত্রে ২৪ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ছয়জন পলাতক। আর ১৮ জন বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন। অভিযোগপত্রে দিদারুল আলম মাসুমকে সুদীপ্ত হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী ছিলেন আইনাল কাদের নিপু। ফেইসবুকে লেখালেখির কারণে সুদীপ্তকে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে সদরঘাট থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। এক বছর পর তারই আবেদনে আদালত মামলার তদন্ত পিবিআইকে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত