অনলাইনে খোলা যাবে বিও হিসাব

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৮ এএম

পুঁজিবাজারে লেনদেনের জন্য অনলাইনে বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব খোলার সুবিধা চালু হয়েছে। গতকাল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) ঘরে বসে বিও হিসাব খোলার এ সুবিধা চালু করা হয়েছে। এ উপলক্ষে গতকাল এসইসি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসইসি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে বিও হিসাব খোলার সুবিধাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্থাটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ার ও বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি ও দেশে বসবাসকারী একজন বিনিয়োগকারীর হিসাব খোলার মাধ্যমে এ সুবিধা চালু করা হয়।

এর আগে আজই দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী এক বাংলাদেশি বিনিয়োগকারীর বিও হিসাব খোলার এ কার্যক্রম চালু করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। সেখানে গতকাল থেকে পুঁজিবাজার নিয়ে চার দিনব্যাপী রোড শো শুরু হয়েছে। সিডিবিএলের সহায়তায় অনলাইনে বিও হিসাব খোলার নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় মূল্য সংযোজন সেবা বা ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে সিডিবিএল এ ব্যবস্থা তৈরি করেছে। পুঁজিবাজারে লেনদেনে বিও হিসাব খোলাকে সহজ করতেই পুনর্গঠিত এসইসির বর্তমান কমিশন অনলাইনে বিও হিসাব খোলার সুবিধাটি চালুর উদ্যোগ নেয়। অনলাইন বিও হিসাব উদ্বোধনী অনুষ্ঠানে এসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজার  ডিজিটালাইজেশন ও আরবানাইজেশনের লক্ষ্য রয়েছে আমাদের। আমাদের সেবাগুলো এখনো শহরকেন্দ্রিক রয়ে গেছে। এটাকে যদি উপজেলা পর্যায়ে প্রসার দেখতে চাই, সব জায়গা থেকে পুঁজিকে সংগ্রহ করতে চাই, তাহলে আমাদের সেবাটিকে সে জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের উদ্দেশ্য হবে, সেবা যেন তার কাছে নিজেই পৌঁছে যায়। যাতে সহজে দ্রুততার সঙ্গে কম খরচে সঠিকভাবে তারা সেবা পান, সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পেরেছি আমরা আজকের এই অনলাইন বিও অ্যাকাউন্ট ওপেনিং করার মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত