চট্টগ্রাম টেস্টের পর থেকেই সাকিব আল হাসানের না থাকা বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের জন্য বড় বিষয় হয়ে গেছে। প্রতি সংবাদ সম্মেলনেই তাকে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তাই এবারও প্রশ্ন গেলে বিরক্ত কণ্ঠে উত্তর দিলেন মুমিনুল। জানালেন, সাকিবকে ছাড়াও বাংলাদেশ ভালো করেছে। এই টেস্টেই সেই সুযোগ আছেÑ ‘দেখেন, সাকিব আল হাসান নেই বলে দল চলবে না বাংলাদেশ চলবে না এটাও না। দেখেন, যখন সাকিব ভাই ছিলেন না বাংলাদেশ টিম কিন্তু চলেছে, ভালো খেলেছে, ম্যাচ জিতেছে জিনিসটা আপনি কীভাবে নেবেন এটাই বড় ব্যাপার। সত্যি বলতে আমি ওভাবে চিন্তা করছি না যে সাকিব ভাই নেই। আমার যেটা আছে সেটা নিয়ে ভাবছি। এই সিরিজের একটা ম্যাচ বাকি আছে সাকিব ভাই থাকা না থাকা ওইভাবে চিন্তা করছি না।’
কিন্তু অভিজ্ঞরা না থাকায় সিদ্ধান্ত নেওয়ায় যে অসুবিধা তার কথাও স্বীকার করলেন মুমিনুল। চট্টগ্রাম টেস্টেই দেখা গেছে মায়ার্স-বোনার জুটি এগিয়ে যাওয়ার সময় মুশফিকুর রহিমের সঙ্গে আলোচনা করেছেন বেশ কয়েকবার। ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বলতার কথা জানিয়ে মুমিনুল বলেনÑ ‘দেখেন, এগুলো তো তাৎক্ষণিক সিদ্ধান্ত। এগুলো নিয়ে আসলে অত বেশি কথা বলার কিছু নেই। আমার কাছে মনে হয় সিদ্ধান্তগুলো মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়। খুব কম সময় থাকে সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য। আমার কাছে যেটা মনে হয় যে সিদ্ধান্তগুলো ওভাবেই নিতে হবে।’
