হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৮ থেকে ১০ টাকা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৯ এএম

বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দু’দিনের ব্যবধানে আবারও দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ২০ থেকে ২৪ টাকা বিক্রি হচ্ছে, যা আগে ৩০ থেকে ৩২ টাকায় উঠেছিল। পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে বাজারে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আঙ্গুরি বেগম বলেন, ‘দুদিন আগেই পেঁয়াজের দাম ৩০-৩২ টাকায় উঠে গিয়েছিল। এত দামে পেঁয়াজ কিনতে আমাদের মতো গরিব মানুষদের খুব কষ্ট হয়। এখন আবারও পেঁয়াজের দাম কমায় আমরা এখন পেঁয়াজ কিনে খেতে পারছি।’

সিদ্দিক হোসেন ও শরিফুল ইসলাম নামে দুই ক্রেতা বলেন, ‘দুদিন আগে পেঁয়াজ কিনেছি। সে সময় পেঁয়াজের দাম ৩০ থেকে ৩২ টাকায় উঠে গিয়েছিল। এতে করে আমাদের মতো খেটে খাওয়া মানুষজনের বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছে।’

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল খান ও ফিরোজ হোসেন বলেন, ‘দুদিন আগে মোকামে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের বাজার ৮৫০ থেকে ৯০০ টাকা বেড়ে এক লাফে ১২০০ থেকে ১৩০০ টাকা মণ উঠে যায়। এতে করে আমাদের বাড়তি দামে কিনতে হওয়ায় কেজিপ্রতি ১০ টাকা করে পেঁয়াজের বাজার বেড়ে যায়। বর্তমানে আবারও পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে দাম কমে ৮০০ থেকে ৯০০ টাকায় নেমেছে। যার কারণে মোকামে এখন আমরা কম দামে পেঁয়াজ কিনতে পারছি, তেমনি বাজারে কম দামে বিক্রি করতে পারছি। এতে করে পেঁয়াজের দাম কমে গেছে। এছাড়া দেশি পেঁয়াজের দাম বাড়ার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে এমন খবরে মোকামগুলোতে যারা অসাধু ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করে রেখেছিলেন তারাও পেঁয়াজ ছেড়ে দেওয়ার কারণে পেঁয়াজের সরবরাহ বাড়ছে। যার কারণেই পেঁয়াজের বাজারে দাম কমেছে। আর এভাবে পেঁয়াজের বাজার ওঠানামা করার কারণে আমরা ব্যবসায়ীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তেমনি বাজারে পেঁয়াজ বিক্রিও কমে গিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত