বেসরকারি খাতকেও টিকাদানে যুক্ত করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০২:২১ এএম

সরকারের করোনার টিকাদান কর্মসূচিতে বেসরকারি হাসপাতালকেও সম্পৃক্ত করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বুধবার ‘জাতীয় কভিড-১৯ টিকাদান কার্যক্রম : বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় বেসরকারি স্বাস্থ্য খাতের নেতারা টিকাদান কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করার দাবি জানালে মন্ত্রী এ আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি খাতের নেতাদের উদ্দেশে বলেন, আপনারা যুক্ত হতে চান, যেভাবে আপনারা পরীক্ষা এবং চিকিৎসায় যুক্ত হয়েছিলেন। এ বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আপনারাও ভ্যাকসিন প্রদান কার্যক্রমে যুক্ত হতে পারবেন।

অবশ্য স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি খাতকে টিকাদান কর্মসূচিতে সম্পৃক্ত করতে কিছু শর্ত পূরণের কথা বলেন এবং সেগুলো পালন শেষেই কাজটি শুরু হবে বলে জানান।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় বিপিএমসিএ’র এমএ মুবিন খান করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার দাবি জানান। বেসরকারি হাসপাতালে বিক্রির জন্য প্রাথমিকভাবে সরকারের কাছে ১০ লাখ ডোজ টিকা চেয়ে তিনি বলেন, করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, চিকিৎসাসেবা দেওয়াÑ সব ক্ষেত্রেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে। তাহলে টিকা দেওয়ার ক্ষেত্রে কেন তাদের সম্পৃক্ত করা হচ্ছে না।

বেসরকারি স্বাস্থ্য খাতের এ নেতা বলেন, টিকা দেওয়ার জন্য বেসরকারি হাসপাতালের অনুমোদন ও মূল্য নির্ধারণ করে দেবে সরকার। এখন বেসরকারি হাসপাতাল থেকে টাকার বিনিময়ে নমুনা পরীক্ষা করা যায়। টিকার ক্ষেত্রেও কেউ চাইলে সরকারি বিনামূল্যের টিকা নিতে পারবেন, চাইলে বেসরকারি হাসপাতাল থেকে টিকা কিনে নিতে পারবেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এফবিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এমএ আজিজ, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়ানস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার খান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত