ছুটি পেয়েছেন সাকিব, যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪২ পিএম

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করেছিলেন সাকিব আল হাসান। তার ছুটি মঞ্জুর করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। ফলে আসছে নিউজিল্যান্ড সফরে এই অলরাউন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ।

সাকিবের ছুটি মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সে (সাকিব) তো (নিউজিল্যান্ড) যাচ্ছে না। এ জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে ২৩ ফেব্রুয়ারি। তবে সফরে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ মার্চ। এরপর ২৩ ও ২৬ মার্চ পরের দুই ওয়ানডে। তিনটি টি-টোয়েন্টি হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

এদিকে সাকিবের তৃতীয় সন্তান পৃথিবীর আলোয় আসবে মার্চে। সাকিব মঙ্গলবারই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে খবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত