সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকারের করোনার ভ্যাকসিন নেওয়ার অভিনয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়ার পর তা নিয়ে এলাকায় চলছে নানা সমালোচনা।
তিনি গত ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে খাসকাউলিয়া আজিমুদ্দিন মোড়ে অবস্থিত চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসাবে তিনি প্রথম টিকা নেওয়ার অভিনয় করে ফটোসেশন করেন। ব্যস্ততা থাকার কারণ দেখিয়ে তিনি ওই সময় টিকা না নিয়ে পরে টিকা নেবেন বলে চলে যান। টিকা না নেওয়ার ওই ফটোসেসনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ দিকে ৭ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৩দিনে মাত্র ১৬ জন টিকা নেন। এর মধ্যে ১৪ জন চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্টাফ,১ জন কৃষক ও ১ জন বীর মুক্তিযোদ্ধা। এতে হতাশ হয়ে চৌহালী উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল কাদের তার অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দেন। এটি সবার নজরে আসার পর চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকারের করোনার ভ্যাকসিন নেওয়ার অভিনয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে বৃহস্পতিবার দুপুরে চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার হাসপাতালে উপস্থিত হয়ে টিকা নেন।
এ বিষয়ে চৌহালী উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল কাদের বলেন, টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় এ জন্য সেখানে আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়। কিন্তু ওই দিন ওনার জরুরি কাজ থাকায় তারপক্ষে অপেক্ষা করার মত সময় ছিল না। তাই তিনি পরে নেবেন বলে চলে যান। বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে এ টিকা নিয়েছেন।
এ বিষয়ে চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার বলেন, টিকা নেওয়ার পর সেখানে আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়। কিন্তু ওইদিন জরুরি কাজ থাকায় অপেক্ষা করার মত হাতে সময় ছিল না। তাই পরে গিয়ে টিকা নিয়েছি। কিন্তু ওই দিন তাড়াহুড়ো থাকার কারণে রেজিস্ট্রেশন করা হয়েছিল না। এ সুযোগে কিছু মন্দ লোক এ বিষয় নিয়ে সমালোচনা করেছেন। তাই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে রেজিস্ট্রেশন করে খাতায় স্বাক্ষর করে এসেছি। ফলে সমালোচকদের মুখবন্ধ হয়ে গেছে।
