চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ফোনালাপ হয়েছে। চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। ওই ফোনালাপে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আগ্রহ দেখা গেছে দুই নেতার মধ্যেই। তবে সংঘাত, সহিংসতা, মানবাধিকার ইস্যুতে দুই রাষ্ট্রপ্রধানই পরস্পরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের প্রথম ফোনালাপ।
সংবাদমাধ্যমগুলো বলছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা রয়েছে। সেই প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ পর্যায়ের এ ফোনালাপ তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাণিজ্য, গুপ্তচরবৃত্তি, করোনা মহামারীসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে দুই দেশের মধ্যকার সম্পর্ক সবচেয়ে বাজে পর্যায়ে পৌঁছায়।
দুই দেশ তথা বৃহত্তর বিশ্বের কল্যাণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বলে বলছে পেইচিং। দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাইডেনের নতুন প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে চীন। এখন চীনা চন্দ্রবর্ষের আগে যুক্তরাষ্ট্রের প্রতি একই আহ্বান জানাল চীন। তাদের এ আহ্বানকে একটি শুভ ইচ্ছা হিসেবে দেখা হচ্ছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, চীনের জিনজিয়ানে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গটি শি চিনপিংয়ের কাছে তুলেছেন বাইডেন। বাণিজ্য ইস্যু, হংকংয়ে চলমান দমন-পীড়ন, তাইওয়ানের সঙ্গে উত্তেজনার প্রসঙ্গও তুলে ধরা হয়। এক টুইটে বাইডেন বলেছেন, ‘আমি তাকে (শি চিনপিং) বলেছি, যখন আমেরিকার জনগণের সুবিধার বিষয়টি আসবে তখন চীনের সঙ্গে কাজ করব।’
বিবিসি জানিয়েছে, করোনা মহামারী মোকাবিলা, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন, অস্ত্রের বিস্তার রোধের মতো বিষয় নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক-আঞ্চলিক বিষয় নিয়ে দুই নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংঘাত হলে, তা উভয় দেশের জন্য একটা বিপর্যয় হবে বলে বাইডেনকে সতর্ক করেছেন চিনপিং। দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি এড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
