মৃত্যুর পর গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) চান না বলে জানিয়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার মুক্তিযোদ্ধা রাজা ওয়ালিউল হক। গতকাল বৃহস্পতিবার সকালে দুমকি প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
লিখিত বক্তব্যে ওয়ালিউল বলেন, ‘বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে ’৭১-এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ’৭৫-এর ১৫ আগস্ট সেই বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জাতীয় চার নেতা, যারা বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, ৩ নভেম্বর জেলখানার অভ্যন্তরে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে তাদের হত্যা করেছে ঘাতকরা। যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি, তাই আমার মতো একজন অতি নগণ্য ব্যক্তির রাষ্ট্রীয় সম্মান গ্রহণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
