করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা বেসরকারি হাসপাতালগুলোকে দেওয়ার ব্যাপারে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।
বিবিসি বাংলা জানায়, বেসরকারি হাসপাতালগুলোর একটি সংগঠন এই টিকা নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে।
এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ইতিবাচক ইঙ্গিত দিলেও সরকার এই টিকা বেসরকারি হাসপাতালগুলোর কাছে বিক্রি করবে নাকি বিনামূল্যে দেবে তা নিয়ে আলোচনায় চলছে।
এছাড়া টিকার পরিমাণ এবং বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে কত খরচ পড়বে, সে বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।
স্বাস্থ্য সচিব বলেন, ‘আমরা হাসপাতালগুলো পরিদর্শন করে দেখবো, যদি দরকার হয়, সেক্ষেত্রে আমরা বুথের সংখ্যা বাড়াবো, জনবল বাড়াবো।’
‘আর প্রাইভেট হাসপাতালকে টিকা দেওয়ার সিদ্ধান্ত যদি হয়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি’ যোগ করেন তিনি।
গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশের সব জেলা-উপজেলার এক হাজারের বেশি কেন্দ্র থেকে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম।
প্রথম দিন ৩১ হাজার টিকা দিলেও পরের চার দিনে ৫ লাখের বেশি মানুষ টিকা দিয়েছে। শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন ১৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ।
গতকাল বেশ কয়েকটি হাসপাতালে সময়ের আগেই টিকার কোটা শেষ হয়ে যাওয়ায় অনেককে টিকা না নিয়েই ফিরে যেতে যেতে বাধ্য হয়েছেন।
