দাবাড়ু আনন্দের ভূমিকায় প্রথম পছন্দ আমির খান

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৪ পিএম

শোনা গিয়েছিল, দক্ষিণ তারকা ধানুশ করছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের বায়োপিক। এখন প্রযোজক নিজেই বললেন, নাম ভূমিকায় আমির খানকে চান তিনি।

ভারতীয় গণমাধ্যম জানায়, দাবাড়ু আনন্দকে নিয়ে বায়োপিকের ঘোষণা করা হয়েছে গত ডিসেম্বরে, যা পরিচালনা করবেন আনন্দ এল রাই। সহ-প্রযোজনা করবেন মহাবীর জৈন।

প্রযোজক জানান, এই ছবির জন্য আমিরের কথা চিন্তা করেছেন তারা। তবে কাগজে-কলমে এখনো প্রস্তাব যায়নি আমিরের কাছে।

এর আগে মঙ্গল পাণ্ডে, মহাবীর সিংহ ফোগাতের মতো একাধিক চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন আমির। তিনি দাবা খেলায়ও পটু। এর আগে বিশ্বনাথন আনন্দের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেখা গেছে আমিরকে। ম্যাচের পর আমিরের প্রশংসাও করেছিলেন আনন্দ। এই বায়োপিক তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট, তাই কাস্টিংয়ে কোনো ফাঁক রাখতে চাইছেন না নির্মাতারা।

তবে শেষ পর্যন্ত আমির এই ছবি করতে পারবেন কি-না, তা নির্ভর করবে অনেক বিষয়ের ওপর। আপাতত ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে।

বর্তমানে হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আমির খান। ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া এ ছবিতে নায়িকা হিসেবে আছেন কারিনা কাপুর খান।

সাধারণত একটি সিনেমা শেষ না করে পরেরটির ঘোষণা দেন না আমির। কিন্তু বর্তমানে তিনটি ছবির সঙ্গে তার নাম জড়িয়ে আছে। গুলশান কুমারের বায়োপিক ‘মুঘল’, স্প্যানিশ ‘চ্যাম্পিয়ন’ ছবির রিমেক ও একটি রহস্যময় বায়োপিক। তার সঙ্গে যুক্ত হলো আনন্দের জীবনী নিয়ে গুঞ্জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত