সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজে ধীর গতি ও অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সংগঠন।
রবিবার দুপুরে শহরে আলফাত স্কয়ারে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে একযোগে সুনামগঞ্জ জেলার ১১ উপজেলায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়। সদস্য সুখেন্দু সেন রায়, নারী নেত্রী শীলা রায়, সঞ্চিতা রায়, কুদরত পাশা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে বক্তারা বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের সব বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও এখনো অনেক হাওরের বাঁধ নির্মাণের কাজই শুরু হয়নি।
এছাড়া হাওরের ঝুঁকিপূর্ণ ক্লোজারগুলোও বন্ধ করা হয়নি। অপ্রয়োজনীয় বাঁধ দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। হাওরের বাঁধগুলোর কাজ এখনো ২০ ভাগ সম্পন্ন করা হয়নি। এভাবে চলতে থাকলে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হবে।
