দেশব্যাপী আধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা প্রদান এবং বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) আইপি নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৯৪৫ দশমিক ৯০ কোটি টাকা ব্যয়ে দেশের সব জেলা, উপজেলা সদর ও ইউনিয়ন পরিষদে আইপি যন্ত্রপাতি স্থাপন ও আধুনিকায়ন করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে ও জাতীয় ইন্টারনেট এক্সচেঞ্জগুলোর সক্ষমতা বৃদ্ধি বা সম্প্রসারণ করা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। বিটিসিএলের পাঠানো এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামীকাল মঙ্গলবারের সভায় উপস্থাপন করা হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। ভার্চুয়ালি তিনি এ সভায় অংশ নেবেন। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, মূলত বিটিসিএলের ইন্টারনেট প্রটোকল (আইপি) নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণে প্রকল্প নেওয়া হচ্ছে। সরকারের নিজস্ব অর্থায়ন বা জিওবি থেকে ৯৪৫ দশমিক ৯০ কোটি টাকার পুরোটাই বরাদ্দ দেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, আইসিটি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ ও সহজীকরণে প্রকল্পটি ভূমিকা রাখবে। সে বিবেচনায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য সংগতিপূর্ণ। পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশব্যাপী আধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেটের নিরবচ্ছিন্ন সেবা প্রদানসহ বর্ধিষ্ণু চাহিদা পূরণে বিটিসিএলের সক্ষমতা বহুলাংশে বাড়বে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রস্তাবিত ‘বিটিসিএলের ইন্টারনেট প্রটোকল (আইপি) নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশব্যাপী আধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেটের নিরবচ্ছিন্ন সেবা প্রদানসহ বর্ধিষ্ণু চাহিদা পূরণে বিটিসিএলের সক্ষমতা বাড়বে।
