পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বসতঘরে আগুন লেগে এক নব দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোরে মঠবাড়িয়া পৌরসভার পশ্চিম কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, একই উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের সাইফুল ইসলাম (২২) ও তার স্ত্রী মনি বেগম (১৮)।
স্থানীয়রা জানান, তিন মাস আগে সাইফুল ও মনির বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে পশ্চিম কলেজপাড়ায় একটি কাঠের ঘর ভাড়া নেন সাইফুল। গতকাল ভোরের দিকে ওই ঘরে আগুন লাগে। এ সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা সাইফুল ও মনি বেগম আগুনে পুড়ে মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া ঘর থেকে ওই দু’জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ঘরের পাশে থাকা দুটি ইজিবাইক পুড়ে যায়।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সুমন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
