আলজাজিরার প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল তাদের।
মঙ্গলবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলজাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা, ষড়যন্ত্র, প্রথম দিনই বলেছি। একটা ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে।’
তিনি বলেন, ‘আমরা বলেছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়। এটা সাংবাদিকতার কর্ম নয়, এ ধরনের গোপনে গোপনে ফোনে কী বলল, তা প্রচার করে দেওয়া।’
আলজাজিরা যা প্রকাশ করেছে, তা জনগণ বিশ্বাস করে না মন্তব্য করে আসাদুজ্জামান কামাল, ‘আপনারা আগে থেকেই দেখেছেন আমাদের দেশে নানা ধরনের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এখানেও এ ধরনের একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল।’
