বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মোটরসাইকেল লুটের অভিযোগ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তার সমর্থকদের ওপর হামলা হয়েছে। ক্ষমতাসীন দলের লোকজন লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে হামলার পর আজাদের গাড়ি, তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও আরো পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে জান গেছে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও হামলার ঘটনা ঘটে। ওই সময়ে পুলিশ ছিল নীরব।

মঙ্গলবার দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কৃষ্ণপুরায় জেলা বিএনপির সদস্য জুয়েল হোসেন ও খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে।

নজরুল ইসলাম আজাদ সাংবাদিকদের জানান, খাগকান্দা এলাকায় ইসমাইল নামের বিএনপির এক কর্মীর বাড়িতে আমরা যাই। ওই কর্মী বিগত দিনে ক্ষমতাসীনদের রোষানলে পড়েছিল। আমি ব্যক্তিগত উদ্যোগে তাকে ঘর তোলার জন্য টিন ও আনুষঙ্গিক জিনিস প্রদান করি। তখন থেকেই ক্ষমতাসীন দলের লোকজন মহড়া দিচ্ছিল। সেখান থেকে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের বাড়িতে গেলে সেখানে দুই দফা বাধা ও হামলা করে ক্ষমতাসীন দলের লোকজন। এক পর্যায়ে আমরা কৃষ্ণপুরায় জুয়েলের বাড়িতে চলে যাই। ওই সময়ে খবর পাই বেলায়েতের বাড়িতে হামলা করে ঘর ভাঙচুর করেছে। জুয়েলের বাড়িতে পৌঁছানোর পর কয়েক শ লোকজন অস্ত্র নিয়ে হামলা করে। তারা বাড়ির উঠানে থাকা আমার একটি গাড়ি একেবারে ভাঙচুর করে। তিনটি মোটরসাইকেলে আগুন দেয় আরো পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। তাদের প্রতিহত করতে গিয়ে আমার অন্তত ১০ জন কর্মী আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আজাদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। কিন্তু পুলিশের উপস্থিতিতেও আমাদের ওপর হামলা করা হয়। বিএনপির লোকজন ঠেকাতে গেলে তাদের বেধড়ক পেটানো হয়। পরে বিকেল ৫টার দিকে থানার ওসি ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটা একটি বর্বর হামলা। এর আগেও গত সংসদ নির্বাচনের সময় আমাদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর হয়েছিল। নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতায় আমাদের পক্ষের লোকজনদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। যতবার আড়াইহাজার গিয়েছি ততবারই হামলা হয়। এবারও সেটা হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে আমরা গিয়ে কাউকে পাইনি। কেউ এখনো কোনো অভিযোগও করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত