ঢাকা কাঁচপুর থেকে সিলেট মহাসড়ক ফোর লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ঢাকা-সিলেটের প্রায় ২০৯ কিলোমিটার মহাসড়ক ফোর লেন হবে। এতে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) বড় অঙ্কের ঋণ দিচ্ছে। মোট খরচ হবে প্রায় ১৭ হাজার কোটি টাকা। এডিবির ঋণে এ সড়কটি ফোর লেন করতে প্রতি কিলোমিটারে (কিমি) খরচ হবে ৮০ কোটি ৯৫ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পটি চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দবিহীন অননুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত নেই। তবে প্রকল্পটির পিডিপিপি পরিকল্পনামন্ত্রীর অনুমোদনক্রমে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি বিশাল বিনিয়োগ করতে সম্মত হয়েছে এডিবি।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯১৮ কোটি ৫৮ লাখ টাকা। এটি বাস্তবায়নে এডিবি ঋণ দেবে ১৩ হাজার ২৪৪ কোটি ৬৮ লাখ টাকা। বাকি ৩ হাজার ৬৭৩ কোটি ৮৯ লাখ টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে। চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন আল-রশিদ বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের সড়ক পরিবহন নেটওয়ার্ক শক্তিশালী হবে। বিশেষ করে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমসটেক করিডোর, সার্ক করিডোরসহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। এর মাধ্যমে শিল্প ও বাণিজ্যে গতিশীলতা আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বেগবান হবে।
একনেক সভায় অনুমোদনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকা-সিলেটে এক্সপ্রেসওয়ে নির্মাণের পর এ মহাসড়ক থেকে টোল আদায় করতে হবে। এর মাধ্যমে শুধু সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে নয়, এ অর্থ সড়কগুলো মেরামতে ব্যয় করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা নতুন হাইওয়ের পাশে বিশ্রামের জায়গা রাখতে হবে। হালকা বিশ্রাম, চা, কফির পাশাপাশি ওয়াশরুম রাখতে হবে। আর নারীদের জন্য চেঞ্জিংরুম ও বসার জায়গার ব্যবস্থা থাকতে হবে।
প্রকল্পটি নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার, নরসিংদী সদর, শিবপুর, রায়পুর, বেলাব, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, সিলেট সদর, বালাগঞ্জ, হবিগঞ্জ সদর, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ এবং মৌলভীবাজার সদরে বাস্তবায়ন হবে।
