বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীকে ছুরিকাঘাত, ২ ঘণ্টা সড়ক অবরোধ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৮ এএম

বরিশাল নগরীর রূপাতলী বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই বিক্ষোভ ও অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় যাত্রাপথে যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সাধারণ যাত্রীরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিক্ষোভে অংশ নেয়। 

শিক্ষার্থীরা জানান, দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাওয়ার জন্য বিআরটিসি বাস কাউন্টারে যায়। সেখানে রফিক নামের বাস স্টাফের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করে রফিক। এছাড়া ফারজানাকে লাঞ্ছিত করা হয়। এ সংবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থলে হাজির হয়। দুপুর দুইটা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে তারা। হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ করে।

এ ব্যাপারে ববি’র সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, খবর পেয়ে তিনিসহ অন্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করছেন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, অভিযুক্ত রফিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা পর বিকেল পৌনে ৪টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত