অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দক্ষিণ আফ্রিকার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৪ এএম

করোনার অজুহাতে অস্ট্রেলিয়ার না আসা মানতে পারছে না দক্ষিণ আফ্রিকা। একদিন আগেই আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগের কথা জানান বোর্ডের ক্রিকেট ডিরেক্টর, সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। একদিনের মধ্যেই আইসিসির কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। বোর্ডটি চায় আইসিসির বিরোধ-মীমাংসা কাউন্সিল অজিদের না আসার কারণ ইচ্ছাকৃত কি না তা খতিয়ে দেখুক। এর আগে গত সপ্তাহে সিরিজ না হওয়ায় অসন্তোষ জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় দক্ষিণ আফ্রিকা।

মার্চে তিন টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরের কথা ছিল অস্ট্রেলিয়ার, যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। কিন্তু করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে যাচ্ছে না তারা। তাই দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি আইসিসির কাছে লিখিত অভিযোগ করলেন। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ফিউচার ট্যুর প্রোগ্রামের নিয়ম অনুসারে জবাব চেয়েছে প্রোটিয়া বোর্ড।

তাদের দাবি, অস্ট্রেলিয়া আইসিসির নির্ধারিত সূচির নিয়ম ভঙ্গ করেছে। যদি নিয়মভঙ্গ হয় তবে পর্যাপ্ত আর্থিক ও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ক্ষতিপূরণ চায় তারা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া যে স্বাস্থ্যঝুঁকির অজুহাতে আসতে চায়নি, আইসিসিকে দক্ষিণ আফ্রিকা এসে তা খতিয়ে দেখার অনুরোধ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৪৪ পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পুনর্নির্ধারিত সূচিগুলো এপ্রিল ৩০ তারিখের মধ্যেই হতে হবে। সেই হিসেবে সিরিজটি পরে আয়োজনের সুযোগ নেই। এই সময়ে সিরিজ স্থগিত করা কতটুকু যৌক্তিক সেই প্রশ্নও রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত