দ্বিতীয় চালানে আসছে ৫০ লাখ টিকা : স্বাস্থ্য সচিব

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩১ এএম

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কভিড-১৯ টিকার দ্বিতীয় চালানে ৫০ লাখ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। তিনি বলেন, চুক্তি অনুযায়ী ৫০ লাখ ডোজ টিকাই আসছে। চলতি মাসের শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে এই টিকা আসবে। গতকাল বুধবার সচিবালয় ক্লিনিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বাস্থ্য সচিব। এর আগে গত সোমবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেছিলেন, ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে।

স্বাস্থ্য সচিব বলেন, দ্বিতীয় চালানে ৫০ লাখ ডোজ আসা নিয়ে কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই। টিকার দ্বিতীয় চালান ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। জাতীয় কারিগরি কমিটি টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে ৮ সপ্তাহের ব্যবধান রাখার সুপারিশ করায় টিকা নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি না একটি ভ্যাকসিনও অপচয় হোক। এ কারণে আমরা সুন্দর পরিবেশে টিকাদানের চেষ্টা করছি।’

টিকা নিলেন আরও সোয়া দুই লাখ মানুষ : গতকাল বুধবার এক দিনে ২ লাখ ২৬ হাজার ৭৭৫ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২০৩ পুরুষ ও নারী ৮১ হাজার ৫৫২ জন। দেশে চলমান টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ ও নারী ৫ লাখ ১৭ হাজার ৬৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সামান্য প্রতিক্রিয়া দেখা দিয়েছে ২০ জনের। এ নিয়ে এখন পর্যন্ত পাশর্^প্রতিক্রিয়া দেখা দিয়েছে ৫১০ জনের। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় টিকা নিয়েছেন ৩১৮৭০ জন : গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের ৪৬টি হাসপাতাল থেকে ৩১ হাজার ৮৭০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৯৪৬ ও নারী ১ হাজার ৯২৪ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ১ হাজার ৪৬৭ জন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজে ৯৮০, শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ১ হাজার ১০৩ ও সম্মিলিত সামরিক হাসপাতালে ১ হাজার ১০৯ জন টিকা নিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৭০ হাজার ২৫ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া ময়মনসিংহে ১০ হাজার ৭৭৩, চট্টগ্রামে ৪৪ হাজার ৭৮৩, রাজশাহীতে ২৭ হাজার ১০৮, রংপুরে ১৯ হাজার ৭৫৯, খুলনায় ২৮ হাজার ৪৩৬, বরিশালে ১৩ হাজার ১৪৬ ও সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন টিকা নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত