জাবি ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক চাকরিচ্যুত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩২ এএম

নিজ বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘যৌন নিপীড়নবিরোধী সেলের তদন্তে অধ্যাপক সানওয়ারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী সিন্ডিকেট সভা তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। সানওয়ার বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না।’

এদিকে গতকাল বুধবার বিকেলে জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যৌন নিপীড়নের অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন অধ্যাপক সানওয়ার। তিনি বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের প্রধান আমার বিরুদ্ধে একপাক্ষিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন ‘ডকুমেন্টস’ উপস্থাপন করতে চাইলে সেল তা গ্রহণ না করেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।’ এ সময় শাস্তি পুনর্বিবেচনার দাবি জানান তিনি।

২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর অধ্যাপক সানওয়ারের বিরুদ্ধে বিভাগের সভাপতির কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন ৪৩তম ব্যাচের এক ছাত্রী। অভিযোগটি তদন্তের জন্য ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়। অভিযোগ আমলে নিয়ে সেল তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে তাকে সাময়িকভাবে কর্মবিরতিতে রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত