কক্সবাজার পৌরসভা

ইজিবাইক চালকদের হামলায় প্যানেল মেয়র আহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫০ এএম

কক্সবাজার শহরে ইজিবাইক চলাচল বন্ধের প্রতিবাদে আন্দোলনরত চালকদের হামলায় পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের ভাষ্য, বিক্ষুব্ধদের শান্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক।

ঘটনার পরপরই পৌরসভার কর্মচারীরা এর প্রতিবাদ জানালে তাদের সঙ্গেও চালকদের সংঘর্ষ বাধে। এতে চালক সমিতির নেতা রুহুল কাদের মানিকসহ আরও চারজন আহত হন।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, কক্সবাজার শহরে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ ইজিবাইক আটক করে জেলা ট্রাফিক পুলিশ। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে শহরে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয় ইজিবাইক চালক সমিতি। সকাল থেকে তারা শহরে ইজিবাইক আটকের প্রতিবাদে মিছিল বের করে। একপর্যায়ে তারা কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় প্যানেল মেয়র মাহবুবুর রহমান বিক্ষোভরত ইজিবাইক চালক সমিতির নেতাদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু সমিতির একটি গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় পৌরসভা কার্যালয়ে অবস্থানরত কর্মচারীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ইজিবাইক চালকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে চালক সমিতির নেতা রুহুল কাদের মানিকসহ আরও চারজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শামসু নামের এক টমটম চালক বলেন, ‘এক লাখ টাকার বিনিময়ে কক্সবাজার পৌরসভা থেকে আমাকে একটি লাইসেন্স দেওয়া হয়। কিন্তু জেলা প্রশাসকের স্বাক্ষর না থাকার অভিযোগে আমার টমটমটি জব্দ করে ট্রাফিক পুলিশ। কোনোভাবেই তারা টমটম দিচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটছে আমার। তাই বাধ্য হয়ে আমাদের মাঠে নামতে হয়েছে।’

কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। ঘটনাটি শোনার পর দ্রুত কক্সবাজার পৌঁছি। এ ঘটনায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমরা চাই দোষীদের শাস্তির আওতায় আনা হোক।’

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, এ ঘটনায় পৌর মেয়র মুজিবুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত