মানবতাবিরোধী অপরাধ

শর্তসাপেক্ষে জামিন পেলেন অসুস্থ আসামি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৪ এএম

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর আবেদ হোসেনকে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুরুতর অসুস্থতাজনিত কারণ দেখিয়ে আবেদন করলে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শর্তসাপেক্ষে আসামিকে অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেয়।জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আইনজীবীরা জানান, আবেদ হোসেনের বিরুদ্ধে করা মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে। গতকাল এ বিষয়ে শুনানি হয়। আদালত পরবর্তী শুনানির জন্য ৫ এপ্রিল ধার্য করেছে। ওই সময় পর্যন্ত জামিনে থাকবেন আসামি।

অ্যাডভোকেট পালোয়ান দেশ রূপান্তরকে বলেন, ‘আবেদ হোসেন পাইলসের চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখন গুরুতর পর্যায়ে। অস্ত্রোপচার প্রয়োজন। এসব কারণ দেখিয়ে জামিনের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে চিকিৎসার জন্য শর্তসাপেক্ষে আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আদেশে বলা হয়েছে, জামিনে থাকাকালীন আসামি ঢাকায় থাকবেন।’

২০১৯ সালের ২৫ জুন মামলার একমাত্র আসামি আবেদকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়। একই বছরের ৮ আগস্ট ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়, আসামির আবেদ হোসেনের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত