সম্প্রতি করোনার টিকা নিয়েছেন জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি। নেত্রকোনার কেন্দুয়ার একটি ক্লিনিকে তিনি করোনার ভ্যাকসিন গ্রহণ করেন। এদিকে কুদ্দুস বয়াতির করোনা টিকা নেওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় টিকা নেওয়ার সময় প্রচণ্ড ব্যথায় ককিয়ে উঠছেন বয়াতি। বয়াতির এমন ছবি নিয়ে নানা সমালোচনাও হয়েছে। অনেকে মজা করেও ছবিটি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিটির সূত্র ধরে দেশ রূপান্তরের কথা হয় কুদ্দুস বয়াতির সঙ্গে। তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়েছি। আমাকে যেহেতু বিভিন্ন জায়গায় গিয়ে পারফর্ম করতে হয় তাই ভ্যাকসিন নিলাম। ভ্যাকসিন নিয়ে বেশ ভালো লেগেছে।’
ভাইরাল হওয়া ছবির প্রসঙ্গ তুলে জানতে চাওয়া হয়, তিনি টিকা নেওয়ার সময় ব্যথা পেয়েছিলেন কিনা, জবাবে কুদ্দুস বয়াতি দেশ রূপান্তরকে বলেন, ‘না ব্যথা পাইনি, তবে মজা করে অমন ব্যথা পাওয়ার অঙ্গভঙ্গি করেছিলাম। আমি তো অনেক সময় মজা-টজা করি। তো এটাও মজা ছিল। আর ওখানকারই একজন স্বাস্থ্যকর্মী আমার ওই মজা করার ছবিটি তুলে। আমি জানতাম না সে এটা ফেসবুকে ছেড়ে দিবে। এরপরেই ছবিটা ভাইরাল হয়ে যায়।’
কুদ্দুস বয়াতি বলেন, ‘আমি জীবনে বহুবার টিকা নিয়েছি। ফলে করোনার টিকা নেওয়ার বিষয়টা নতুন কিছু নয়। টিকা দেওয়ার অনুভূতি তো একই। ফলে এখানে ব্যথা পাওয়ার কোনো ব্যাপার নাই।’
তিনি আরও বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের জন্য টিকার ব্যবস্থা করেছেন। আমি মনে করি প্রত্যেক মানুষেরই ভ্যাকসিন নেওয়া দরকার। করোনা থেকে বাঁচার জন্যই এটা করতে হবে।’
এদিকে ভ্যাকসিন নেওয়ার পর আবারও কাজে মনোযোগী হওয়ার কথা জানালেন তিনি। বয়াতি বলেন, ‘ভ্যাকসিন নিয়েছি। এখন থেকে আমি আবারও গানে ফিরে আসতে চাই। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে প্রান্তিক শিল্পীদের কথা তুলে ধরতে চাই। সেজন্য তাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে আমার ইউটিউবে প্রকাশ করব।’
