মাগুরায় নকল সার ও কীটনাশক জব্দ, গুদাম সিলগালা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৯ এএম

মাগুরায় একটি গুদাম থেকে নকল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পুলিশ ও কৃষি বিভাগ যৌথভাবে সদরের জগদল বাজারের মোস্তাফিজুর রহমান কাজল নামে এক ব্যক্তির গুদামে অভিযান চালিয়ে ২৯৫ বস্তা নকল টিএসপি সার ও বিভিন্ন প্রকার নকল কীটনাশক জব্দ করে। অভিযান শেষে গুদামটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।

সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জগদল বাজারে মোস্তাফিজুর রহমান কাজল নামে এক ব্যক্তির গুদামে ২৯৫ বস্তা নকল টিএসপিসহ আরও বিভিন্ন প্রকার সার ও কীটনাশকের সন্ধান পান। ওই সময় তিনি গুদামের সার ও কীটনাশকের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট বিভাগের কাছে পরীক্ষার জন্য পাঠান। পরীক্ষায় সার ও কীটনাশক নকল ও ভেজাল প্রমাণিত হলে শুক্রবার বিকেলে কৃষি বিভাগ ও পুলিশ অভিযান চালিয়ে এসব সার ও কীটনাশক জব্দ করে। অভিযান শেষে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) রিপন হোসেন জানান, ২৯৫ বস্তা নকল টিএসপিসহ মোট ১৪ ধরনের নকল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। তবে গুদাম মালিক মোস্তাফিজুর রহমান কাজল পলাতক রয়েছেন।  এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত