দীর্ঘদিন বীমা খাতের শেয়ারে অস্বাভাবিক লেনদেনের পর এবার বেক্সিমকো গ্রুপের, বিশেষ করে বেক্সিমকো লিমিটেডের শেয়ারে ঝুঁকে পড়েছেন বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিনের লেনদেনের একটি বড় অংশই বেক্সিমকো লিমিটেডে হচ্ছে। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৬ শতাংশই এসেছে এই কোম্পানিটি থেকে।
গত সপ্তাহে ডিএসইতে মোট কেনাবেচা হয়েছে ৪ হাজার ৪৩৭ কোটি টাকা, যার মধ্যে বেক্সিমকো লিমিটেডের ১ হাজার ১৫৬ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন হয়েছে; যা ওই সপ্তাহের মোট লেনদেনের ২৬ দশমিক শূন্য ৬ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এই কোম্পানির ৪১১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া বেক্সিমকো গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রয়েছে লেনদেনের শীর্ষ তালিকায়। গত সপ্তাহে এই কোম্পানির ৩০৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয়।
