অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় : প্রধান বিচারপতি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩১ এএম

অচিরেই উচ্চ আদালতের রায় বাংলায় দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এ সময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলায় রায় দিতে গত ডিসেম্বরে সুপ্রিম কোর্টে একটি সফটওয়্যার ব্যবহার শুরু হয়েছে। যেখানে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে বাংলায় রূপান্তর হচ্ছে। কাজ শেষ হলে আরও গুছিয়ে নেব।’

গত ১৮ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে ‘আমার ভাষা’ নামে একটি সফটওয়্যার উদ্বোধনের তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এই সফটওয়্যারটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুপ্রিম কোর্টের রায় ও আদেশ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে সক্ষম। সফটওয়্যারটি তৈরি করেছে একস্টেপ ফাউন্ডেশন অব ইন্ডিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত