‘একটি গ্রাম থেকে একটি দেশ/ মাদকমুক্ত বাংলাদেশ’-শীর্ষক স্লোগানে শুরু করা কুমিল্লা জেলা পুলিশের ব্যাপক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাত্র ৪৮ দিনে এক টনের ওপর গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এই সময়ে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা পুলিশ ৪১৫ জনকে গ্রেপ্তার করে।
সোমবার সকালে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, কুমিল্লা জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মাত্র ৪৮ দিনে এক হাজার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশ ১ হাজার ৪৬ কেজি গাঁজা, ১৮ হাজার ৪১৪ পিস ইয়াবা, ৪ হাজার ৭০৫ বোতল ফেনসিডিল ও ৩১৭ লিটার দেশি মদ উদ্ধার করেছে। এই উদ্ধার অভিযানে গাঁজায় ২১৭ জনসহ মোট ৪১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক মাদকের বাজার মূল্য ১ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা বলে তিনি জানান।
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ আরও জানান, মূলত দুইটি বিষয়কে সামনে রেখে জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কাজ করছে। এর মধ্যে একটি হলো, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাউন্সেলিং এর মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং দ্বিতীয়টি হলো, আইনের প্রয়োগের মাধ্যমে মাদকের চালান, ব্যবসা এবং সেবন শূন্যের কোঠায় নামিয়ে আনা।
