কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক চাপায় আরএফএল কোম্পানির এরিয়া ম্যানেজার মাইনুল ইসলাম তুষার (৪৫) নিহত হয়েছেন। শহরের ভৈরবপুর পাড়া সারা টাওয়ারের সামনে আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তার বাবার নাম আমজাদ হোসেন। বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার মোনাউতা গ্রামে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে মাইনুল ইসলাম তুষার কর্মস্থলে যাওয়ার জন্য মোটরবাইক নিয়ে রাস্তায় বের হন।
এ সময় পেছন দিক থেকে কয়লাভর্তি একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে মোটরবাইকসহ কয়েকশ গজ দূরে নিয়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের হেলপার রাতুলকে (১৮) আটক করে এবং নিহতের লাশ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘটনার সময় ট্রাকের হেলপার ট্রাকটি চালাচ্ছিল। তার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকসহ হেলপারকে আটক করেছে।
নিহতের পরিবার থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
