সাংবাদিক মুজাক্কির হত্যা: ঘটনাস্থলে পিবিআই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকির হত্যা মামলায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাতে মামলাটি নোয়াখালী জেলা পিবিআইতে হস্তান্তর করা হয়। এরপর বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা। 

বুধবার দুপুরে পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে একটি তদন্ত দল ওই এলাকা পরিদর্শন করেন। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

তদন্ত দলটি চাপরাশিরহাট পূর্ব বাজারের ঘটনাস্থল এবং নিহতের বাড়িতে জান। তারা নিহতের পরিবারের সদস্য, স্থানীয় লোকজন এবং সংঘর্ষের সময় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছেন। 

পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, মামলার তদন্ত কর্মকর্তাসহ ঘটনাস্থল থেকে তথ্য, ফুটেজ নিয়েছি, আরো তথ্য সংগ্রহর করা হবে। আমরা এ মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের চেষ্টা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে এ মামলার তদন্ত সম্পন্নের চেষ্টা করব। 

গত শুক্রবার উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুঁড়ে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ ৭-৮জন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির। 

এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন রাতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত