যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাইলেন মোমেন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৩ এএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আবার বৈশ্বিক নেতৃত্বে ফেরত আসবে বলে আশা করে বাংলাদেশ।’ ওয়াশিংটনে অবস্থানরত মোমেন মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে টেলিফোন আলাপে এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার জন্য ফের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার জন্য নতুন মার্কিন সরকারকে অভিনন্দন জানান মোমেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সেক্রেটারি ব্লিনকেন ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবিলা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার উপায় এবং জলবায়ু পরিবর্তনের মতো সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্ট্র্যাটেজিক স্তরে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন উভয় দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতাদের সফরের ওপর জোর দেন। মোমেন আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত বাংলাদেশ সফর করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসবে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। উভয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর করার ইচ্ছা ব্যক্ত করেন। দু’দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য এবং বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য দুই নেতা সম্মত হন। তারা কভিড পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন, মানবাধিকার ও শ্রমাধিকারসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

তারা দুজন মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া শ্রম ও মানবাধিকারের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। সেক্রেটারি ব্লিনকেন ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে অভিনন্দন জানান। একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবিলায় নিবিড় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত