জীবিকার সন্ধানে ভ্রমণ ভিসায় ইউরোপের দেশগুলোতে যাওয়ার উদ্দেশ্যে দুবাই হয়ে লিবিয়া গিয়েছিলেন ১৪৮ বাংলাদেশি। কিন্তু সেখানেই বিপর্যয় দেখা দেয়। ফলে তারা সেখানে ধরা পড়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হেফাজতে ছিলেন। এমন ১৪৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় বিশেষ বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। একই ফ্লাইটে লিবিয়ায় বিভিন্ন সময় মৃত্যুবরণকারী সাত প্রবাসী বাংলাদেশির মরদেহ পাঠানো হয়েছে।
বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, গতকাল সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।
এরপর প্রবাসীকল্যাণ ডেস্ক ও আর্মড পুলিশের (এপিবিএন) সহায়তায় তাদের খাবারসহ জরুরি সহায়তা দেয় ব্র্যাকের একটি দল। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের বাড়ি যাওয়ার জন্য প্রত্যেককে অর্থ সহায়তা দিয়েছে। সকালে নামলেও বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকতা শেষ হয় বিকেলে। তারা ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া গিয়েছিলেন বলে আমরা জেনেছি।
