নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন ও তার স্ত্রী সেলিনা ওয়াজেদ মিনু আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুদকের করা দুটি মামলায় তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করে আদালত।
আদালতসংশ্লিষ্টরা জানান, গত বুধবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলা দুটি করেন। মামলার অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ নামে ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ৮৫ লাখ ৩২ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য প্রদর্শন না করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন ওয়াজেদ আলী। গোপন করা সম্পদসহ ৯৯ লাখ ৪৯ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রাখায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
