ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আইনটি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগির এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এটি পর্যালোচনা করব।’
এ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গত বছরের ৬ মে থেকে কারাগারে ছিলেন লেখক মুশতাক আহমেদ। গত বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হওয়ার পর তার মৃত্যুর খবর জানায় গাজীপুরের কাশিমপুর কারা কর্তৃপক্ষ। তার মৃত্যুতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ফের সমালোচনা হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক আইনটি বাতিলের পক্ষপাতী নন জানিয়ে বলেন, সাইবার অপরাধ দমন করতে এ আইনটি করা হয়েছিল। এখন যে হারে এ ধরনের অপরাধ বেড়েছে তাতে অনেকেই এর শিকার হচ্ছে। অপরাধের ধরন বিবেচনা করলে আইনের মাধ্যমেই এগুলো নিয়ন্ত্রণ করতে হয়।
আইনমন্ত্রী বলেন, তিনি (মুশতাক আহমেদ) কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। এটি খুবই দুঃখজনক এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে তিনি কিন্তু এই আইনের কারণে মারা যাননি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে চেষ্টাই করা হবে।
আনিসুল হক বলেন, ‘সব আইনেরই কিছু না কিছু অপব্যবহার হয়। প্রতিনিয়তই মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। সুরক্ষা দিতে হয় আইনের মাধ্যমে। আবার কেউ যেন হয়রানি ও হেনস্তার শিকার না হনম সেটি বিবেচনায় নিয়েই আমরা ডিজিটাল নিরাপত্তা আইনটি পর্যালোচনার চিন্তাভাবনা করছি। শিগগির এ বিষয়ে অগ্রগতি জানানো হবে।’
