ডিজিটাল নিরাপত্তা আইনকে কবর দেওয়ার সময় এখনই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ দমন করা যায় না। এ আইনকে কবর দেওয়ার সময় এখনই। এ আইন দিয়ে গলা বন্ধ করা যাবে না।’
গতকাল শুক্রবার রাজধানীর ঢাকার তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা ও জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মুশতাক আহমেদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এ সভা থেকে দাবি করছি তার (মুশতাক আহমেদ) পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক।’
তিনি বলেন, ‘একটা জাতি কতটা সভ্য, কতটা ন্যায়ভিত্তিক তা নির্ভর করে কৃষক ও শ্রমিকের সঙ্গে তাদের ব্যবহারের ওপর। কয়েক বছর আগে খুলনা গিয়েছিলাম, তখন জুটমিল শ্রমিকরা আন্দোলন করছিল, শীতের মধ্যে কষ্টের জীবনযাপন করছিল। তাদের জন্য বেশি কিছু করতে পারিনি, কিন্তু সেই স্মৃতি এখনো ব্যথা দেয়।’
শ্রমিকদের উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আপনারা শ্রমিকরাই হলেন দেশ গড়ার কারিগর, আপনাদের সৃষ্টির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে বাংলাদেশ। আজকে যত বৈভব, যত বড় বড় স্বপ্ন তার প্রত্যেকটা ক্ষেত্রে অবদান রয়েছে আপনাদের।’
সংগঠনের নির্বাহী সভাপতি মোখলেসুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের উপপরিচালক হাফিজ আহমেদ মজুমদার, শ্রমিকনেতা জাকির হোসেন, আবদুল হাকিম, আম্বিয়া খাতুন, ইঞ্জিনিয়ার ওসমান গনি, গোলাম কাদের, নারী কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস, যুব কমিটির সভাপতি এমএমআই সবুজ খান প্রমুখ।
